বাউড়িয়ায় মহিলা সঙ্গীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ পুলিশের জালে অভিযুক্ত যুবক

হাওড়ার বাউড়িয়া থানা এলাকায় সালমা বিবি (৪৪) নামে এক মহিলাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে তাঁর সঙ্গী রাজু দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবকের বাড়ি উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় এবং মৃতার বাড়ি টিটাগড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ও মৃতা দুজনেই বিবাহিত হওয়া সত্ত্বেও বাউড়িয়ার ফোর্ট গ্লস্টার এলাকায় ঘর ভাড়া নিয়ে একত্রে বসবাস করতেন। তাঁরা দুজনেই বজবজের একটি জুট মিলে কর্মরত ছিলেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে কাজ থেকে ফেরার পর কোনো একটি বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রবল বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় রাগের মাথায় রাজু সালমা বিবিকে শ্বাসরোধ করে খুন করে ঘটনাস্থল থেকে পালিয়ে নিজের বাড়িতে চলে যান। পরবর্তীতে পুলিশ মহিলার মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে এবং বুধবার সকালে বাউড়িয়া লঞ্চঘাট এলাকা থেকে অভিযুক্ত রাজু দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ধৃত রাজুর বিরুদ্ধে সুনির্দিষ্ট খুনের মামলা রুজু করেছে বাউড়িয়া থানার পুলিশ। বুধবার তাকে উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক ঘটনার গুরুত্ব বিবেচনা করে ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনো কারণ বা অন্য কারও প্ররোচনা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার পুনর্নির্মাণ করার প্রক্রিয়া শুরু হয়েছে।