বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের বরাদ্দ ২০ শতাংশ বাড়াল কেন্দ্র

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের বরাদ্দ ২০ শতাংশ বাড়াল কেন্দ্র

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের বরাদ্দ বাড়ানোর ঘোষণা করেছে কেন্দ্র। শনিবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব নীরজ মিত্তল সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানান। আগামী ২৩ মার্চ, সোমবার থেকে এই বর্ধিত বরাদ্দ কার্যকর হবে বলে জানানো হয়েছে। এর ফলে মোট বরাদ্দের পরিমাণ প্রাক-সংকট সময়ের তুলনায় ৫০ শতাংশে পৌঁছাবে।

মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী, অতিরিক্ত এই ২০ শতাংশ বরাদ্দ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে প্রদান করা হবে। এই তালিকায় রয়েছে রেস্তরাঁ, ধাবা, হোটেল, ক্যান্টিন এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। এ ছাড়াও দুগ্ধশিল্প, সরকারি ভর্তুকিযুক্ত আউটলেট, কমিউনিটি কিচেন এবং অভিবাসী শ্রমিকদের জন্য ব্যবহৃত ৫ কেজির ছোট সিলিন্ডার বা এফটিএল সরবরাহের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গৃহস্থালি, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখার সাফল্যের পরই এই পদক্ষেপ নিল সরকার। স্থানীয় ডিলারদের পাঠানো তালিকার গুরুত্ব বিবেচনা করেই এই নতুন বণ্টন নীতি তৈরি করা হয়েছে। তবে হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার জেরে তৈরি হওয়া এই সংকট কাটিয়ে বাণিজ্যিক সিলিন্ডার সরবরাহ কবে নাগাদ সম্পূর্ণ স্বাভাবিক হবে, সে বিষয়ে মন্ত্রক এখনও নির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *