বাবাকে ‘রাম’ সাজতে দেখে উচ্ছ্বসিত রাহা, আবেগে ভাসলেন রণবীর কাপুর

বলিউড মেগাস্টার রণবীর কাপুর বর্তমানে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে ছবির টিজার প্রদর্শনীতে রণবীর জানান, এই বিশাল প্রজেক্টটি তাঁর কাছে কেবল একটি সিনেমা নয়, বরং একটি ব্যক্তিগত আবেগ। প্রথমে প্রস্তাবটি ফিরিয়ে দিলেও কন্যা রাহার জন্মের পর তাঁর দৃষ্টিভঙ্গি আমূল বদলে যায় এবং তিনি এই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নেন।
তিন বছর বয়সী কন্যা রাহা প্রতিদিন কাজের শেষে রণবীরকে হনুমান ও সীতা সম্পর্কে নানা নির্ভেজাল প্রশ্ন করে। খুদে রাহার এই কৌতূহল রণবীরকে গভীরভাবে স্পর্শ করেছে। অভিনেতার মতে, রামায়ণের প্রতি এই সহজাত টান প্রমাণ করে যে আমাদের সংস্কৃতি ভারতীয়দের ডিএনএ-তে মিশে রয়েছে। বর্তমানে তিনি এই চলচ্চিত্রে ভগবান রাম এবং পরশুরাম—এই দ্বৈত চরিত্রে অভিনয় করছেন।
প্রায় ৪,০০০ কোটি টাকা বাজেটের এই মেগা প্রজেক্টে যশের রাবণ, সাই পল্লবীর সীতা এবং সানি দেওলের হনুমান হিসেবে উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। নমিত মালহোত্রা প্রযোজিত দুই পর্বের এই সিনেমার প্রথম অংশ ২০২৬ সালের অক্টোবরে মুক্তি পাবে। ভারতের ১৪টি শহরে ইতিমধ্যে টিজার প্রদর্শিত হয়েছে, যা ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন মাইলফলক হতে চলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।