বাবার এইচআইভি সংক্রমণ, বসিরহাটে অঙ্গনওয়াড়ি থেকে শিশুকে তাড়ানোর অভিযোগ

উত্তর ২৪ পরগনার বসিরহাটের মথুরাপুরে এক অমানবিক ঘটনার অভিযোগ উঠেছে। এইচআইভি আক্রান্ত বাবার চার বছরের সন্তানকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল এক শিক্ষিকার বিরুদ্ধে। বর্তমানে ওই খুদে শিক্ষার্থীর বাবা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং শিক্ষিকার এই আচরণে জনমানসে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
পরিবারের দাবি, শিশুটি প্রতিদিনের মতো কেন্দ্রে গেলে শিক্ষিকা তাকে বাধা দেন এবং বাবার মারণরোগের দোহাই দিয়ে তাকে স্কুলে রাখতে অস্বীকার করেন। যদিও শিশুটির জন্য বাড়িতে খাবার পাঠিয়ে দেওয়া হচ্ছে, তবে তার পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়েছে। অপমানে ও দুঃখে শিশুটি কান্নায় ভেঙে পড়লে তার মা নিরুপায় হয়ে বাড়ি ফিরে যান।
ঘটনার প্রতিকার চেয়ে বসিরহাটের মহকুমা শাসকের কাছে ই-মেলের মাধ্যমে লিখিত অভিযোগ জানিয়েছে খুদে পড়ুয়ার পরিবার। অভিযুক্ত শিক্ষিকা অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে একে চক্রান্ত বলে দাবি করেছেন। এইচআইভি নিয়ে সামাজিক কুসংস্কার ও ভ্রান্ত ধারণার কারণেই এই বঞ্চনা কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন। এই স্পর্শকাতর ঘটনায় কড়া পদক্ষেপের দাবি উঠেছে।