বাবার প্রয়াণে শোকস্তব্ধ রিঙ্কু সিং, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে থাকছেন না তারকা ব্যাটার

দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন ভারতীয় দলের তারকা ব্যাটার রিঙ্কু সিংয়ের বাবা খানচাঁদ সিং। লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। শুক্রবার সকালে তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে ক্রিকেট মহলে। রিঙ্কুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় তিনি শোকবার্তা দিয়ে এই কঠিন সময়ে রিঙ্কুকে শক্তি জোগানোর প্রার্থনা করেছেন।
পরিবার এবং ব্যক্তিগত শোকের কারণে আসন্ন ম্যাচে মাঠে দেখা যাবে না রিঙ্কু সিংকে। বিসিসিআই সূত্রে খবর, ১ মার্চ রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সুপার ৮ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে দলে থাকছেন না তিনি। এই ম্যাচটি ভারতের জন্য কার্যত ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল।
গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে রিঙ্কুর অনুপস্থিতি টিম ইন্ডিয়ার জন্য বড় ধাক্কা। তবে দেশের হয়ে রিঙ্কুর অবদানের কথা মাথায় রেখে, এই কঠিন সময়ে তাঁর এবং পরিবারের পাশে দাঁড়িয়েছে গোটা ক্রিকেটবিশ্ব। সূত্র মারফত খবর, বিসিসিআইও তাঁকে এই দুঃসময়ে পূর্ণ সমর্থন দিচ্ছে।