বাবার সামান্য সময় সন্তানের পরীক্ষায় নিশ্চিত করতে পারে দারুণ সাফল্য

বাবার সামান্য সময় সন্তানের পরীক্ষায় নিশ্চিত করতে পারে দারুণ সাফল্য

প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিশুদের একাডেমিক ফলাফলে বাবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, যেসব বাবা নিয়মিত সন্তানের সঙ্গে পড়ালেখা, ছবি আঁকা, গান গাওয়া বা খেলাধুলায় সময় কাটান, তাদের সন্তানরা পরীক্ষায় অন্যদের তুলনায় অনেক ভালো ফল করে। গবেষকদের মতে, বাবার সক্রিয় অংশগ্রহণ শিশুর শিক্ষাগত সাফল্যে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলে।

৫ হাজার পরিবারের ওপর পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, ৩ বছর বয়সী সন্তানের সাথে বাবার সৃজনশীল কর্মকাণ্ড ৫ বছর বয়সে তাদের স্কুলের পারফরম্যান্স বাড়িয়ে দেয়। একইভাবে, ৫ বছর বয়সে বাবার নিবিড় সান্নিধ্য ৭ বছর বয়সী শিশুদের ‘কি স্টেজ অ্যাসেসমেন্ট’-এ শ্রেষ্ঠত্ব অর্জনে সহায়তা করে। লিডস ইউনিভার্সিটি বিজনেস স্কুলের ড. হেলেন নরম্যান জানান, বাবার এই অংশগ্রহণ শিশুর লিঙ্গ বা পরিবারের আয়ের ওপর নির্ভর করে না।

গবেষণাটি পরামর্শ দিয়েছে যে, কর্মব্যস্ত বাবারা প্রতিদিন মাত্র ১০ মিনিট সময় দিলেও সন্তান শিক্ষাগতভাবে উপকৃত হয়। মায়েরা সাধারণত শিশুর আবেগ ও সামাজিক আচরণ গঠনে ভূমিকা রাখলেও, বাবার উপস্থিতি তাদের পাঠ্যক্রমিক সাফল্যে বেশি কার্যকর। তাই শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য স্কুল কর্তৃপক্ষকেও বাবার অংশগ্রহণ উৎসাহিত করার জন্য বিশেষ কৌশল অবলম্বনের সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *