বামের ভোট রামে যাওয়া নিয়ে অশোক ভট্টাচার্যের স্বীকারোক্তি, খোঁচা গৌতম দেবের

বামের ভোট রামে যাওয়া নিয়ে অশোক ভট্টাচার্যের স্বীকারোক্তি, খোঁচা গৌতম দেবের

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বামেদের প্রায় ২৩ শতাংশ ভোট বিজেপির ঝুলিতে গিয়েছিল বলে বিস্ফোরক স্বীকারোক্তি দিলেন প্রবীণ সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। প্রকাশ্য সমাবেশ থেকে তিনি বাম সমর্থকদের আহ্বান জানান, তৃণমূলকে হারানোর কৌশলে বিজেপিকে ভোট দেওয়া ভুল ছিল। এবার সেই হারানো ভোট ফেরাতে কোমর বেঁধে নামছে বাম শিবির। অশোক ভট্টাচার্যের এই মন্তব্য ঘিরে বর্তমানে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

বর্ষীয়ান এই বাম নেতার দাবি, বিগত নির্বাচনে উগ্র হিন্দুত্ববাদের প্রভাবে বাম ভোট রামে চলে গিয়েছিল। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল ও বিজেপি উভয় দলেরই মুখোশ খুলে গিয়েছে বলে তিনি মনে করেন। নিজের অবস্থানে অনড় থেকে তিনি জানান, আমৃত্যু ধর্ম নিয়ে রাজনীতি করবেন না এবং বামেদের হাত ধরেই রাজ্যে প্রকৃত পরিবর্তন আসবে। বিধানসভা নির্বাচনের আগে তাঁর এই ‘স্বীকারোক্তি’ বাম শিবিরের রণকৌশলের অংশ বলেই মনে করা হচ্ছে।

অশোক ভট্টাচার্যের এই মন্তব্যকে কটাক্ষ করে শিলিগুড়ির মেয়র গৌতম দেব একে ‘বিলম্বিত বোধোদয়’ বলে অভিহিত করেছেন। সত্য স্বীকার করার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন, এতদিনে উনার ভুল ভেঙেছে যে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা যায় না। শাসকদলের দীর্ঘদিনের অভিযোগ আজ প্রমাণিত হলো বলেও তিনি দাবি করেন। বাম-বিজেপি ভোট সমীকরণ নিয়ে এই চাপানউতোর এখন সরগরম উত্তরবঙ্গ তথা রাজ্য রাজনীতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *