বাম-আইএসএফ জোটের জট কাটতে পারে বুধবারই, আসন সমঝোতা নিয়ে নওশাদের ইঙ্গিত

আসন্ন নির্বাচনে বামফ্রন্ট ও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (আইএসএফ) মধ্যে নির্বাচনী জোটের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বুধবার। মঙ্গলবার আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে দেড় ঘণ্টার দীর্ঘ বৈঠক শেষে এই ইঙ্গিত দিয়েছেন আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী। আগামী কাল পুনরায় বৈঠকের পর আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত রূপ পেতে পারে বলে জানা গিয়েছে।
বৈঠক শেষে নওশাদ জানান, জেলা ও লোকসভা ভিত্তিক আসন বণ্টন এবং ভোট প্রচারের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কিছু আসনে দুই পক্ষই অনড় থাকলেও, গতবারের মতো একই আসনে একাধিক প্রার্থী দেওয়ার ঘটনার পুনরাবৃত্তি এড়াতে চাইছে তারা। আইএসএফের দাবি অনুযায়ী, জোট প্রক্রিয়ায় আরও কিছু রাজনৈতিক ও সামাজিক শক্তিকে শামিল করার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
কংগ্রেস এবার এককভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়ায় বামফ্রন্ট ও আইএসএফ দ্রুত সমঝোতা সেরে নিতে আগ্রহী। সূত্রের খবর, আইএসএফ প্রায় ৫০টি আসনের দাবি জানিয়েছে, যার চূড়ান্ত তালিকা বুধবার স্পষ্ট হতে পারে। ২০২১ সালের সংযুক্ত মোর্চার অভিজ্ঞতার পর, এবার কেবল বামেদের সঙ্গেই নির্বাচনী ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছেন নওশাদ সিদ্দিকী।