ব্যারাকপুরের বি এন বসু হাসপাতালে আমূল ভোলবদল: শিশুদের জন্য তৈরি হচ্ছে বিশেষ ‘কিড জোন’

ব্যারাকপুরের ৭০ বছরের পুরনো বি এন বসু মহকুমা হাসপাতালে শিশুদের চিকিৎসার পরিবেশ আনন্দদায়ক করতে তৈরি হচ্ছে বিশেষ ‘কিড জোন’। হাসপাতালের চারতলায় শিশু বিভাগের মধ্যে এই জোনের কাজ প্রায় শেষের পথে। শিশুদের মন ভালো রাখতে সেখানে বাঁটুল দি গ্রেট, হাঁদাভোঁদা ও মোটু-পাতলুর মতো জনপ্রিয় কমিকস চরিত্রের ছবি আঁকা হয়েছে। থাকবে নানা খেলার সরঞ্জামও।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের দেওয়া ২ কোটি টাকারও বেশি ব্যয়ে হাসপাতালের পরিকাঠামোগত সংস্কারের কাজ চলছে। ইতিমধ্যে ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আধুনিকীকরণের অঙ্গ হিসেবে হাসপাতালে নতুন সিটি স্ক্যান মেশিন, ব্লাড কম্পোনেন্ট সেপারেট ইউনিট ও নতুন লিফট বসানো হয়েছে। এছাড়া মেঝের আমূল পরিবর্তন ঘটিয়ে টাইলস বসিয়ে হাসপাতালটিকে নতুন রূপ দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক রাজ চক্রবর্তী সংস্কার কাজ পরিদর্শন করেন। হাসপাতালের সুপার সঞ্জয় গুহ ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি পরিকাঠামোর উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন। চিকিৎসকরা জানান, নতুন পরিবেশে কাজের সুবিধা হচ্ছে। রাজ চক্রবর্তী আশ্বাস দিয়েছেন, আগামী দিনে হাসপাতালটিকে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত করার পরিকল্পনা রয়েছে।