ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপির প্রার্থী তালিকায় বড় চমক, জগদ্দলে লড়বেন প্রাক্তন আইপিএস ডঃ রাজেশ কুমার

বারাকপুর শিল্পাঞ্চলে বিজেপির প্রার্থী তালিকায় বড় চমক, জগদ্দলে লড়বেন প্রাক্তন আইপিএস ডঃ রাজেশ কুমার

ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তালিকায় বড়সড় চমক দিল বিজেপি। রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর জগদ্দল কেন্দ্রে প্রাক্তন আইপিএস ডঃ রাজেশ কুমারকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। গত জানুয়ারিতে অবসর নেওয়া এই প্রাক্তন পুলিশকর্তা মানুষের কাজ করার লক্ষ্যেই রাজনীতিতে এসেছেন বলে জানিয়েছেন। এই কেন্দ্রে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সোমনাথ শ্যাম অবশ্য আত্মবিশ্বাসের সঙ্গেই এই লড়াইকে স্বাগত জানিয়েছেন।

অন্যদিকে, ব্যারাকপুর লোকসভায় হারের পর অর্জুন সিংকে এবার নোয়াপাড়া কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। তবে অর্জুনের প্রার্থীপদ ঘিরে দাপুটে নেতা বিকাশ বসু খুনের পুরনো বিতর্ক নতুন করে উসকে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বর্তমান সাংসদ পার্থ ভৌমিক ও তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য এই ইস্যুকেই প্রচারের হাতিয়ার করতে চাইছেন। পাশাপাশি ব্যারাকপুর কেন্দ্রে আইনজীবী কৌস্তভ বাগচীকে প্রার্থী করেছে বিজেপি, যার বিরুদ্ধে লড়ছেন তৃণমূলের রাজ চক্রবর্তী।

শিল্পাঞ্চলের অপর গুরুত্বপূর্ণ কেন্দ্র বীজপুরে বিজেপি প্রার্থী করেছে একদা তৃণমূল ঘনিষ্ঠ সুদীপ্ত দাসকে। তবে আইনি জটিলতায় এলাকায় প্রবেশে বাধা থাকা সুদীপ্তকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের সুবোধ অধিকারী। তাঁর মতে, আসল লড়াই হবে সিপিএম প্রার্থী দেবাশিস রক্ষিতের (ববি) সঙ্গে। সব মিলিয়ে হেভিওয়েট ও নতুন মুখের দ্বৈরথে ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক সমীকরণ এখন তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *