বারাণসীতে মাঝগঙ্গায় ইফতার ও বিরিয়ানি পার্টি, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে গ্রেপ্তার ১৫

বারাণসীর পবিত্র গঙ্গাবক্ষে নৌকাভ্রমণের সময় ইফতার পার্টির আয়োজন এবং চিকেন বিরিয়ানি খেয়ে হাড় ও উচ্ছিষ্ট নদীতে ফেলার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই ব্যাপক উত্তেজনা ছড়ায়। ভিডিওটিতে দেখা যায়, একদল ব্যক্তি মাঝনদীতে নৌকায় বসে খাবার খাচ্ছেন এবং অবশিষ্টাংশ পবিত্র গঙ্গাজলে নিক্ষেপ করছেন, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।
এই ঘটনায় বারাণসীর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি যুব মোর্চার নেতা রজত জয়সওয়াল। তাঁর দাবি, গঙ্গা কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীর কাছে পরম পবিত্র ও অটল বিশ্বাসের প্রতীক। জনসমক্ষে নদীতে আমিষ খাবার খাওয়া এবং উচ্ছিষ্ট ফেলে নদীর পবিত্রতা নষ্ট করা হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার একটি পরিকল্পিত চেষ্টা। এই অভিযোগের ভিত্তিতেই তৎপর হয় উত্তরপ্রদেশ পুলিশ।
বারাণসীর অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় প্রতাপ সিং জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত, গোষ্ঠীদ্বন্দ্ব উসকে দেওয়া এবং নদীর জল দূষিত করার মতো একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আইনশৃঙ্খলার অবনতি রুখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় সংবেদনশীলতা ও গঙ্গার পবিত্রতা রক্ষায় কোনো প্রকার আপস করা হবে না।