বারামতী উপনির্বাচনে সুনেত্রা পওয়ারের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়, কংগ্রেস প্রার্থী সরতেই বাজিমাত

বারামতী উপনির্বাচনে সুনেত্রা পওয়ারের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়, কংগ্রেস প্রার্থী সরতেই বাজিমাত

মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন মোড়। বারামতী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে অনায়াস জয় হাসিল করলেন রাজ্যের বর্তমান উপমুখ্যমন্ত্রী তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান সুনেত্রা পওয়ার। কংগ্রেস শেষ মুহূর্তে তাদের প্রার্থী প্রত্যাহার করে নেওয়ায় কার্যত ‘ওয়াকওভার’ পেলেন তিনি। বিমান দুর্ঘটনায় অজিত পওয়ারের অকাল প্রয়াণের পর এনসিপি-র হাল ধরেন সুনেত্রা। উপমুখ্যমন্ত্রী পদটি ধরে রাখতে এই উপনির্বাচনে জয় তাঁর জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি হর্ষবর্ধন সপকাল জানান, শুরুতে তাঁরা অমর মোরে-কে প্রার্থী হিসেবে মনোনীত করেছিলেন। এমনকি বিজেপির রাজনৈতিক প্রভাব মোকাবিলায় তাঁরা লড়াইয়ের প্রস্তুতিও নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত অবস্থান পরিবর্তন করে হাত শিবির। হর্ষবর্ধন জানিয়েছেন, প্রয়াত অজিত পওয়ার অতীতে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন, তাই তাঁর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতেই এই আসন থেকে প্রার্থী প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অজিত পওয়ারের মৃত্যুর পর এনসিপির জাতীয় সভাপতি হিসেবে সুনেত্রা পওয়ারের নাম ঘোষণা করেছিলেন প্রবীণ নেতা প্রফুল প্যাটেল। দায়িত্ব গ্রহণের পর সুনেত্রা তাঁর বার্তায় জানিয়েছিলেন, কৃষকদের উন্নয়ন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণই তাঁর মূল লক্ষ্য। অজিত পওয়ারের আসামাপ্ত কাজগুলো শেষ করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। উপনির্বাচনের এই জয় তাঁর সেই লক্ষ্যপূরণের পথে বড় একধাপ হিসেবে গণ্য করা হচ্ছে।

উপনির্বাচনের আগে গত রবিবার সুনেত্রা পওয়ার ব্যক্তিগতভাবে কংগ্রেস সভাপতির কাছে বারামতীতে প্রার্থী না দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। যদিও প্রাথমিকভাবে কংগ্রেস সেই প্রস্তাবে সাড়া দেয়নি, তবে বৃহস্পতিবার দলগত সিদ্ধান্তে নাটকীয় পরিবর্তন আসে। এর ফলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বারামতীর বিধায়ক হিসেবে সুনেত্রা পওয়ারের জয়ের পথ পরিষ্কার হয়ে গেল। মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে কংগ্রেসের এই সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ সৌজন্যমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *