বারাসাতে বিজেপির প্রার্থী নিয়ে চরম অসন্তোষ নির্দল হিসেবে লড়ার হুঁশিয়ারি তাপস মিত্রের

বারাসতে বিজেপির প্রার্থী নিয়ে চরম অসন্তোষ নির্দল হিসেবে লড়ার হুঁশিয়ারি তাপস মিত্রের

বারাসাত বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে শংকর চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই বিজেপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এসেছে। রাজ্য বিজেপির সদস্য তথা প্রাক্তন জেলা সভাপতি তাপস মিত্র এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বকে চিঠি দিয়েছেন। তাঁর অভিযোগ, স্থানীয় সংগঠনের মতামত উপেক্ষা করে প্রার্থী চয়ন করা হয়েছে। এমনকি দাবি পূরণ না হলে তিনি নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ানোর প্রচ্ছন্ন হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন।

বিক্ষুব্ধ শিবিরের দাবি, শংকর চট্টোপাধ্যায় বারাসাতের প্রকৃত ‘ভূমিপুত্র’ নন এবং সংকটের সময়ে তাঁকে কর্মীদের পাশে পাওয়া যায়নি। অন্যদিকে তাপস মিত্র নিজেকে ভূমিপুত্র দাবি করে সংগঠনের একাংশের সমর্থন আদায় করেছেন। প্রার্থী ঘোষণার পর থেকেই শহরের বিভিন্ন এলাকায় শংকরের বিরুদ্ধে পোস্টার দেখা যাচ্ছে এবং কর্মীদের একটি অংশ প্রচার থেকে বিরত থেকে পৃথক বৈঠক শুরু করেছেন।

রাজনৈতিক মহলের মতে, ২০২১ ও ২০২৪ সালের নির্বাচনেও প্রার্থী বাছাই নিয়ে একই ধরনের সংঘাত বিজেপির পরাজয়ের অন্যতম কারণ ছিল। এবারও শংকর চট্টোপাধ্যায় প্রচার শুরু করলেও দলের অন্দরের এই ফাটল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শংকর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও, তাপস মিত্র যেভাবে বিমুখ কর্মীদের নিয়ে সরব হয়েছেন, তাতে নির্বাচনের মুখে বারাসাতে পদ্ম শিবিরের অস্বস্তি কয়েক গুণ বেড়ে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *