বারুইপুর পশ্চিমে বাম ও বিজেপিতে ধস নামিয়ে জোড়াফুলের শক্তিপ্রদর্শন

বারুইপুর পশ্চিমে বাম ও বিজেপিতে ধস নামিয়ে জোড়াফুলের শক্তিপ্রদর্শন

আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সমীকরণ ওলটপালট হয়ে গেল। রবিবার ধপধপি এক নম্বর অঞ্চলের কুমারহাট স্কুল মাঠে আয়োজিত তৃণমূল কংগ্রেসের এক বিশাল কর্মী সম্মেলনে বিরোধী শিবিরের কয়েক হাজার কর্মী-সমর্থক ঘাসফুল শিবিরে নাম লেখালেন। এই ব্যাপক ভাঙন জেলা রাজনীতিতে নতুন শোরগোল ফেলে দিয়েছে।

এদিনের সভায় প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। তাঁদের উপস্থিতিতেই অন্য দল থেকে আসা নেতা-কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। সভায় উপচে পড়া ভিড় দেখে রাজনৈতিক মহলের ধারণা, ভোটের আগে বারুইপুর পশ্চিমে শাসক দলের ভিত আরও মজবুত হলো।

দলবদল প্রসঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে শামিল হতেই বিরোধী শিবির ছেড়ে মানুষ তৃণমূলে যোগ দিচ্ছেন। এতে এলাকার উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশাপ্রকাশ করেন। যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ বাম ও বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, এতে ভোটের ফলে কোনো প্রভাব পড়বে না। তবে নির্বাচনের আগে এই শক্তিবৃদ্ধি তৃণমূল শিবিরের আত্মবিশ্বাস যে অনেকটাই বাড়িয়ে দিল, তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *