বালিগঞ্জে সিপিএমের তুরুপের তাস আফরিন, লড়বেন শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে

২০২৬ বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ কেন্দ্রে বড় চমক দিতে চলেছে বামফ্রন্ট। তৃণমূলের হেভিওয়েট প্রার্থী তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএমের যুব মুখ হিসেবে লড়াইয়ে নামছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক আফরিন বেগম। বৃহস্পতিবার বিকেলে প্রকাশিতব্য বামফ্রন্টের দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় এই তরুণ নেত্রীর নাম থাকা এখন সময়ের অপেক্ষা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী আফরিন এসএফআই-এর পরিচিত মুখ। হস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনায় প্রতিবাদী আন্দোলন থেকে শুরু করে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক— সবক্ষেত্রেই তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। সম্প্রতি নিউটাউনে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে মহম্মদ সেলিমের পাশে থেকে দলের দাবিদাওয়া পেশ করে নজর কেড়েছিলেন এই লড়াকু নেত্রী।
বালিগঞ্জের মতো গুরুত্বপূর্ণ আসনে মীনাক্ষী মুখোপাধ্যায় বা দীপ্সিতা ধরদের সমগোত্রীয় এক তরুণ তুর্কিকে প্রার্থী করে বামেরা স্পষ্ট বার্তা দিতে চাইছে। বিদায়ী বিধায়ক বাবুল সুপ্রিয় রাজ্যসভায় যাওয়ায় এই আসনে এবার লড়াই হবে ত্রিমুখী। রাজনৈতিক মহলের মতে, নতুন প্রজন্মের ভোটারদের আকৃষ্ট করতেই অভিজ্ঞ শোভনদেবের বিপরীতে আফরিনের মতো শিক্ষিত ও লড়াকু প্রার্থীকে বেছে নিয়েছে আলিমুদ্দিন।