বালুরঘাটে সুরভারতী সংগীত কলা কেন্দ্রের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন

বুধবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের রবীন্দ্রভবন মঞ্চে সুরভারতী সংগীত কলা কেন্দ্রের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান মহাসমারোহে অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে নাচ ও গানের পাশাপাশি বিভিন্ন গুণীজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সংগঠনের সভাপতি অরিজিৎ চক্রবর্তী জানান, আগে এই জেলার শিক্ষার্থীদের সমাবর্তনের জন্য মালদায় যেতে হতো। তবে এবারই প্রথম দক্ষিণ দিনাজপুরের ছাত্রছাত্রীদের জন্য জেলাতেই পৃথকভাবে এই সমাবর্তনের আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৪০০ থেকে ৫০০ জন শিক্ষার্থীর হাতে এদিন আনুষ্ঠানিকভাবে শংসাপত্র তুলে দেওয়া হয়।
এই উদ্যোগের ফলে স্থানীয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা দূর হলো। নিজস্ব জেলায় এমন আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীতেও জেলার প্রতিভা বিকাশে এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।