বাসন্তীতে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র এলাকা: আক্রান্ত পুলিশ, গ্রেপ্তার ৮

বাসন্তীতে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র এলাকা: আক্রান্ত পুলিশ, গ্রেপ্তার ৮

ভোটের আগে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। সোনাখালি এলাকায় বিজেপির পূর্বনির্ধারিত মিছিলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের জেরে একাধিক বাইক ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হন বাসন্তী থানার পুলিশ কর্মীরা।

উন্মত্ত ভিড়ের মারে গুরুতর আহত হন সাব-ইন্সপেক্টর সৌরভ গুহসহ আরও সাত পুলিশ কনস্টেবল। অভিযোগ, সাদা পোশাকে থাকা ওই আধিকারিককে মাটিতে ফেলে লাঠি-বাঁশ দিয়ে মারধর করা হয়। আহতদের দ্রুত উদ্ধার করে বাসন্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রুট মার্চ শুরু করেছে।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যে আটজনকে গ্রেপ্তার করেছে। বারুইপুর পুলিশ জেলা সুপার শুভেন্দ্র কুমার জানিয়েছেন, দোষীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি এই ঘটনাকে গণতন্ত্রের হত্যা বলে দাবি করলেও, তৃণমূল কংগ্রেস সমস্ত অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। বর্তমানে এলাকায় পুলিশি টহল জারি রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *