বাসন্তীতে রাজনৈতিক সংঘর্ষ: পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন, তলব রিপোর্ট

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত মিছিলে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন মাত্র দুই সেকশন বাহিনী মোতায়েন করা হয়েছিল এবং পুলিশের হস্তক্ষেপে কেন দেরি হলো, তা নিয়ে কড়া প্রশ্ন তুলেছে কমিশন। এছাড়া বিনা অনুমতিতে কীভাবে মিছিল বের হলো, সে বিষয়েও কৈফিয়ত চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচার ঘিরে দুই পক্ষের মধ্যে বচসা থেকে সংঘর্ষ শুরু হয়। দুষ্কৃতীরা মিছিলে ঢুকে হামলা চালায় এবং বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন। বিজেপির অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগ নিয়েই এই তাণ্ডব চালানো হয়েছে। পালটা দায় অস্বীকার করেছে তৃণমূল শিবির।
বারুইপুর পুলিশ জেলার সুপার শুভেন্দ্র কুমার জানিয়েছেন, এই ঘটনায় ইতিমধ্যেই আটজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সময় বিজেপি প্রার্থী উপস্থিত না থাকলেও পরে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান। বর্তমানে এলাকা থমথমে থাকলেও পুলিশি টহল জারি রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে কমিশনকে দ্রুত বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।