বিউটি পার্লারে ঢুকে প্রেমিকাকে নৃশংসে খুন, পরে আত্মঘাতী অভিযুক্ত যুবক

দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার গড়িয়ার তেঁতুলতলা এলাকায় এক ভয়াবহ হত্যাকাণ্ডের সাক্ষী থাকল সাধারণ মানুষ। মঙ্গলবার সকালে একটি বিউটি পার্লারের ভেতর রূপবাণী দাস নামে এক গৃহবধূকে ক্ষুর দিয়ে গলার নলি কেটে নৃশংসভাবে খুন করে অভিযুক্ত প্রেমিক পঙ্কজ নাথ। ঘটনার পর একই অস্ত্র দিয়ে নিজের গলা কেটে আত্মঘাতী হয় হরিয়ানার বাসিন্দা ওই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় পঙ্কজের, আর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রাণ হারান রূপবাণী।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দীর্ঘদিনের প্রণয়ঘটিত বিবাদের জেরে এই চরম পথ বেছে নিয়েছে অভিযুক্ত। মৃতার পারিবারিক সূত্রে জানা গেছে, বিবাহিত ওই নারী মাস ছয়েক আগে নিখোঁজ হওয়ার পর সম্প্রতি বাড়ি ফিরেছিলেন। পঙ্কজের সঙ্গে তাঁর প্রণয়ের সম্পর্ক থাকলেও সম্প্রতি দুই পরিবারের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। ঘটনার দিন সকালে পার্লারে ঢুকে বচসা চলাকালীনই পঙ্কজ এই প্রাণঘাতী হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত নারী বিবাহিত ছিলেন এবং তাঁর স্বামী ও দুই পুত্র সন্তান রয়েছে। কী ভাবে ভিনরাজ্যের ওই যুবকের সঙ্গে তাঁর পরিচয় হল এবং এই খুনের নেপথ্যে অন্য কোনো প্ররোচনা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার আকস্মিকতায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।