বিএসএনএল কর্তার ‘রাজকীয়’ প্রয়াগরাজ সফর ঘিরে বিতর্ক, শোকজ করল কেন্দ্র

বিএসএনএল কর্তার ‘রাজকীয়’ প্রয়াগরাজ সফর ঘিরে বিতর্ক, শোকজ করল কেন্দ্র

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএলের শীর্ষ আধিকারিক বিবেক বনসলের ব্যক্তিগত প্রয়াগরাজ সফরকে কেন্দ্র করে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, এই ব্যক্তিগত ধর্মীয় সফরের জন্য সরকারি প্রোটোকল ভেঙে ৫০ জনেরও বেশি কর্মীকে মোতায়েন এবং সরকারি সম্পদের অপব্যবহারের পরিকল্পনা করা হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট আধিকারিককে শোকজ করেছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই ঘটনার কড়া সমালোচনা করে একে ‘অনুপচিত ও নিয়মবহির্ভূত’ বলে অভিহিত করেছেন। মন্ত্রীর নির্দেশে ওই আধিকারিককে আগামী সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি জারি করা ওই সফরের বিস্তারিত নির্দেশিকাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই নেটিজেনদের ক্ষোভের মুখে পড়ে বিএসএনএল কর্তৃপক্ষ।

বিতর্ক তুঙ্গে ওঠায় তড়িঘড়ি বিবেক বনসলের সেই সফর বাতিল করা হয়েছে। সংস্থার জনসংযোগ আধিকারিক জানিয়েছেন যে, পূর্বের ওই বিতর্কিত প্রোটোকলটি বর্তমানে প্রত্যাহার করা হয়েছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো এই ঘটনাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া হবে না এবং আধিকারিকের জবাব খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *