বিক্ষোভের আবহেই কালীঘাটে পুজো দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

বিক্ষোভের আবহেই কালীঘাটে পুজো দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসেই বিক্ষোভের মুখে পড়লেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে কালীঘাট মন্দিরে পুজো দেন তিনি। তবে মন্দির চত্বর ও হাজরা মোড়ে তাঁকে কালো পতাকা দেখিয়ে ‘গো-ব্যাক’ স্লোগান দেন একদল বিক্ষোভকারী। বিক্ষোভকারীদের দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে সাধারণ নাগরিক হিসেবেই এই কর্মসূচি। রবিবার রাতে বিমানবন্দর থেকে শহরে প্রবেশের সময়ও ভিআইপি রোডে বাম কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিল কমিশনের ফুল বেঞ্চ।

পুজো দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জ্ঞানেশ কুমার বলেন, “কালী মা সবার মঙ্গল করুন।” তবে বিক্ষোভ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি তিনি। এদিন তাঁর বেলুড় মঠে যাওয়ার সূচিও রয়েছে। মন্দির দর্শন সেরে তিনি নিউটাউনের একটি হোটেলে পৌঁছান, যেখানে দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে কমিশনের। রাজ্য পুলিশের নোডাল অফিসারদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা।

কমিশন সূত্রে খবর, আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুপুর থেকে তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন মুখ্য নির্বাচন কমিশনার। তৃণমূলের তরফে ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য ও রাজীব কুমারের উপস্থিত থাকার কথা রয়েছে। একদিকে রাজনৈতিক সংঘাত ও অন্যদিকে প্রশাসনিক তৎপরতা—উভয় পরিস্থিতির মধ্যেই রাজ্যে নির্বাচনী দামামা বেজে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *