বিগত পাঁচ বছরে রাজনীতিতে দৃষ্টান্ত স্থাপন করেছি, মনোনয়ন জমা দিয়ে দাবি নওসাদের

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের লড়াইয়ের লক্ষ্যে ভাঙড় কেন্দ্র থেকে মনোনয়ন পত্র পেশ করলেন আইএসএফ চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি। শনিবার বারুইপুরে জোট সঙ্গী সিপিএম কর্মীদের সঙ্গে নিয়ে এক বর্ণাঢ্য মিছিলে যোগ দেন তিনি। পদ্মপুকুর থেকে শুরু হওয়া এই মিছিলে পথচলতি মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে মহকুমাশাসকের দফতরে গিয়ে নিজের মনোনয়ন দাখিল করেন আইএসএফ প্রার্থী।
মনোনয়ন জমা দেওয়ার পর নওসাদ বলেন, গত পাঁচ বছরে তিনি বিধানসভার ভেতরে ও বাইরে সাধারণ মানুষের জন্য লড়াই করে এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন। ২০২১ সালের প্রতিকূল পরিস্থিতির তুলনায় এবারের লড়াই অনেক সহজ হবে বলে তিনি আশাবাদী। ভাঙড়ের মানুষ তাকে গতবারের চেয়ে দ্বিগুণ ব্যবধানে জয়ী করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই বিধায়ক।
মনোনয়ন পরবর্তী সাংবাদিক সম্মেলনে তিনি ক্যানিং পূর্বের তৃণমূল নেতার হুমকির তীব্র নিন্দা জানান এবং বিষয়টিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেন। এছাড়া ফৌজদারি মামলা থাকা ব্যক্তিদের নিরাপত্তারক্ষী সরানোর নির্দেশের প্রসঙ্গেও মুখ খোলার পাশাপাশি বিরোধীদের ওপর হুমকির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। নওসাদ সাফ জানান, শাসকদলের ভয়ভীতি উপেক্ষা করেই মানুষ এবার তাদের রায় দেবে।