বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, আবগারি মামলা অন্য বেঞ্চে সরানোর আর্জি কেজরিওয়ালের

বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, আবগারি মামলা অন্য বেঞ্চে সরানোর আর্জি কেজরিওয়ালের

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বিচারপতি স্বর্ণকান্ত শর্মার বেঞ্চের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সম্প্রতি নিম্ন আদালত থেকে এই মামলায় অব্যাহতি পেলেও সিবিআই সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়। গত সোমবার শুনানির সময় বিচারপতির কিছু পর্যবেক্ষণ ও মন্তব্যে অসন্তোষ প্রকাশ করে মামলাটি অন্য বেঞ্চে স্থানান্তরের দাবি জানিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।

এই মর্মে হাই কোর্টের প্রধান বিচারপতিকে একটি চিঠি দিয়েছেন কেজরিওয়াল। তাঁর অভিযোগ, বর্তমান বেঞ্চে মামলার বিচারে স্বচ্ছতা বজায় থাকছে না। উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি রাউজ অ্যাভিনিউ কোর্ট কেজরিওয়াল ও মণীশ সিসোদিয়াকে এই মামলা থেকে মুক্তি দিয়েছিল। নিম্ন আদালত জানিয়েছিল যে, বিতর্কিত আবগারি নীতিতে কোনও অপরাধমূলক ষড়যন্ত্রের প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে মামলা করে সিবিআই। শুনানিকালে বিচারপতি স্বর্ণকান্ত শর্মা মন্তব্য করেন যে, অভিযুক্তদের মুক্তির নেপথ্যে কোনও ফাঁক থাকতে পারে এবং বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। বিচারপতির এই অবস্থানেই পক্ষপাতিত্বের আশঙ্কা করছেন আপ প্রধান। রাজনৈতিক মহলের মতে, ছাব্বিশের নির্বাচনের আগে এই আইনি লড়াই নতুন মাত্রা যোগ করেছে, যেখানে নিরপেক্ষতার স্বার্থে বিচারক বদলের আবেদন জানালেন কেজরিওয়াল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *