বিজেপিকে রুখতে কেশপুরে তৃণমূলের মেগা প্রস্তুতি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে গর্জে উঠলেন নেতারা

পশ্চিম মেদিনীপুর: আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নেমে পড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১ নম্বর অঞ্চলের উরামিতে একটি বিশাল পথসভার আয়োজন করা হয়। নির্বাচনের দামামা বাজার আগেই জনসংযোগ বাড়াতে এবং সাংগঠনিক শক্তি যাচাই করে নিতেই এই সভার ডাক দেওয়া হয়েছিল।
উরামির এই সভায় ব্লক ও অঞ্চল স্তরের প্রথম সারির একঝাঁক নেতৃত্ব উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দুর্লভ ঘোষ, গ্রাম পঞ্চায়েত প্রধান অবিতা মাহাত এবং অঞ্চল তৃণমূল সভাপতি নারায়ণ মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষাণ ক্ষেতমজুর সেলের সভাপতি মৃনাল কান্তি ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী পণ্ডিত, অঞ্চল যুব তৃণমূল সভাপতি বলরাম নিয়োগী, রাজকুমার মল্লিক ও তুহিন শুভ্রা গতাই সহ অন্যান্য বিশিষ্ট কর্মীরা।
এদিনের সভা থেকে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার কড়া বার্তা দেওয়া হয়। একইসঙ্গে রান্নার গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন তৃণমূল নেতৃত্ব। সাধারণ মানুষের পকেটে টান পড়ার এই ইস্যুকে হাতিয়ার করেই আগামী দিনে বিধানসভা ভোটের লড়াইয়ে নামার রণকৌশল স্থির করা হয়েছে কেশপুরের এই সভা থেকে।