বিজেপিতে যোগ দিচ্ছেন কামদুনি আন্দোলনের মুখ টুম্পা কয়াল

বিজেপিতে যোগ দিচ্ছেন কামদুনি আন্দোলনের মুখ টুম্পা কয়াল

২০১৩ সালের চাঞ্চল্যকর কামদুনি গণধর্ষণ ও হত্যা মামলার প্রতিবাদী মুখ টুম্পা কয়াল এবার সক্রিয় রাজনীতিতে পা রাখছেন। বিধানসভা নির্বাচনের আবহে তিনি আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়ে তিনি ইতিপূর্বেই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং আগামী কয়েক দিনের মধ্যেই তাঁর যোগদান প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে।

দীর্ঘ ১২ বছর ধরে বিচার পাওয়ার লড়াই চালিয়ে আসা টুম্পা জানান, এককভাবে আন্দোলন চালিয়ে যাওয়া বর্তমানে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এবং আন্দোলনের ধার বজায় রাখতেই তিনি রাজনৈতিক ছত্রছায়ায় আসার প্রয়োজনীয়তা অনুভব করেছেন। যদিও প্রার্থী হওয়ার বিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের ওপরই তিনি আস্থা রাখছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের কামদুনি কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে টুম্পা ও মৌসুমি কয়াল রাজ্যজুড়ে আন্দোলন গড়ে তুলেছিলেন। সম্প্রতি কলকাতা হাইকোর্ট কয়েকজন অভিযুক্তের ফাঁসির সাজা রদ করে যাবজ্জীবন কারাদণ্ড ও কয়েকজনকে খালাস দেওয়ার পর থেকেই তাঁদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। সেই বিচারপ্রক্রিয়া ও সামাজিক লড়াইকে রাজনৈতিক মঞ্চ থেকে এগিয়ে নিতেই টুম্পার এই নতুন পদক্ষেপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *