বিজেপিতে যোগ দিচ্ছেন টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ

ভারতীয় টেনিস মহলের মহাতারকা লিয়েন্ডার পেজ বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে জোরালো জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এই অলিম্পিক পদকজয়ী তারকা। এর আগে বিজেপির সর্বভারতীয় নেতাদের সঙ্গেও তাঁর আলোচনার খবর পাওয়া গিয়েছিল। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে লিয়েন্ডারের এই রাজনৈতিক পদক্ষেপকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।
অতীতে লিয়েন্ডার পেজ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও এবার তাঁর গেরুয়া শিবিরে যোগদান প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে রাজনীতিতে এলেও তিনি সরাসরি ভোটের ময়দানে নামবেন কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ২০১৯ সালেও তাঁর নির্বাচনে লড়ার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত তিনি প্রার্থী হননি। এবারও তাঁর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চেয়ে বড় কোনো সাংগঠনিক বা প্রশাসনিক দায়িত্ব পাওয়ার সম্ভাবনা বেশি বলে রাজনৈতিক মহলের ধারণা।
সূত্রের দাবি, ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের লক্ষ্যে ভারত যে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে, সেখানে লিয়েন্ডারকে বড় কোনো পদে দেখা যেতে পারে। বিশেষ করে ‘মিশন অলিম্পিক ২০৩৬’-এর মাধ্যমে দেশের ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন ও পদক জয়ের লক্ষ্যমাত্রা পূরণে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় কেন্দ্র। সেক্ষেত্রে সরাসরি জনপ্রতিনিধি হওয়ার বদলে ক্রীড়া প্রশাসনের শীর্ষ স্তরে থেকেই তিনি নতুন ইনিংস শুরু করতে পারেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।