বিজেপিতে যোগ দিচ্ছেন লিয়েন্ডার পেজ? নিতিন নবীনের সঙ্গে বৈঠকের পর তুঙ্গে জল্পনা

বিজেপিতে যোগ দিচ্ছেন লিয়েন্ডার পেজ? নিতিন নবীনের সঙ্গে বৈঠকের পর তুঙ্গে জল্পনা

প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজের বিজেপিতে যোগদান নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি দুই দিনের বাংলা সফরে আসা বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে লিয়েন্ডারের একটি বৈঠক হয়। দলীয় সূত্রে খবর, এই আলোচনা অত্যন্ত ইতিবাচক হয়েছে। তবে এই সাক্ষাৎ নিয়ে এখনও পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি।

সাড়ে চার বছর আগে গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার। তবে বর্তমানে ঘাসফুল শিবিরের কোনো কর্মসূচিতে তাঁকে আর দেখা যায় না। রাজ্যের বাকি ৩৮টি আসনে বিজেপির প্রার্থী তালিকা এখনও ঘোষণা না হওয়ায়, পদ্ম শিবিরে তাঁর নাম থাকার সম্ভাবনা নিয়ে চর্চা বাড়ছে।

বঙ্গ বিজেপি মনে করছে, লিয়েন্ডারের মতো বিশ্বখ্যাত ক্রীড়াবিদ দলে এলে শিক্ষিত সমাজ ও ক্রীড়া মহলে সদর্থক বার্তা যাবে। টেনিস তারকার হাত ধরে দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে চাইছেন গেরুয়া নেতৃত্ব। নির্বাচনের মুখে এই সম্ভাব্য দলবদল বাংলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *