বিজেপির কেন্দ্রীয় কমিটির সঙ্গে বঙ্গ নেতৃত্বের মেগা বৈঠক আজ, নজরে নির্বাচনী রণকৌশল

বিজেপির কেন্দ্রীয় কমিটির সঙ্গে বঙ্গ নেতৃত্বের মেগা বৈঠক আজ, নজরে নির্বাচনী রণকৌশল

আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আজ দিল্লির দলীয় সদর দফতরে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। বিকেল ৩টে নাগাদ আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও নীতিন নবীনের উপস্থিত থাকার কথা রয়েছে। রাজ্য বিজেপির তরফে শমীক ভট্টাচার্যসহ একাধিক পদাধিকারী এই বৈঠকে যোগ দেবেন। মূলত ‘পরিবর্তন যাত্রা’র ফলাফল এবং আগামী ১৪ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার প্রস্তুতি খতিয়ে দেখাই এই সভার প্রধান লক্ষ্য।

সূত্র মারফত জানা যাচ্ছে, মার্চের মাঝামাঝি সময়ে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই সময় নষ্ট না করে ২৯৪টি আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা এবং প্রাথমিক প্রচারের রূপরেখা তৈরি করতে চাইছে পদ্ম শিবির। বৈঠকে জেলাভিত্তিক রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক শক্তির খুঁটিনাটি রিপোর্ট কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পেশ করা হতে পারে। এছাড়া রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কত দফায় নির্বাচন হতে পারে, সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিহারে সফল হওয়া ‘জঙ্গলরাজ’ ইস্যুকে বাংলায় কতটা কার্যকর করা যাবে, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবেন শীর্ষ নেতারা। গত নির্বাচনে জয়ী বনগাঁ মহকুমার আসনগুলো ধরে রাখার পাশাপাশি দুর্বল কেন্দ্রগুলোতে প্রচার জোরদার করার কৌশলও এই বৈঠকে নির্ধারিত হবে। বঙ্গ বিজেপির জন্য এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এখান থেকেই নির্ধারণ হতে পারে নির্বাচনের চূড়ান্ত রণকৌশল। দলীয় কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়াই এখন গেরুয়া শিবিরের মূল চ্যালেঞ্জ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *