‘বিজেপির দালালদের জামানত বাজেয়াপ্ত করুন’, মুর্শিদাবাদে জয়ের লক্ষ্য বেঁধে দিলেন অভিষেক

‘বিজেপির দালালদের জামানত বাজেয়াপ্ত করুন’, মুর্শিদাবাদে জয়ের লক্ষ্য বেঁধে দিলেন অভিষেক

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের ডোমকল ও জলঙ্গিতে আয়োজিত জনসভা থেকে দলের জয়ের লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন। সোমবার সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় তিনি স্পষ্ট নির্দেশ দেন, প্রতিটি আসনে অন্তত ৫০ হাজার ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে। প্রার্থীদের হয়ে প্রচারের পাশাপাশি তিনি সাধারণ মানুষকে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং তৃণমূল কংগ্রেসই ভারতের একমাত্র শক্তি যারা বিজেপির বিরুদ্ধে নিরন্তর লড়াই করছে বলে দাবি করেন।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি ছাড়াও সিপিএম এবং কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, কংগ্রেস ও সিপিএমকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে বিজেপির হাত শক্ত করা। নাম না করে স্থানীয় বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, একদল লোক বিজেপির কাছ থেকে সুবিধা নিয়ে ভোট কাটোয়ার রাজনীতি করছে। ২০২১ সালের নির্বাচনে মুর্শিদাবাদের অভাবনীয় সাফল্যের জন্য সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি অঙ্গীকার করেন যে, জেলার ২২টি বিধানসভা আসনের উন্নয়নের সম্পূর্ণ দায়িত্ব তিনি নিজে গ্রহণ করবেন।

জনসভায় জলঙ্গির প্রার্থী তরুণ শিক্ষাবিদ বাবর আলি এবং ডোমকলের প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবিরের হয়ে সওয়াল করেন অভিষেক। তিনি বলেন, শিক্ষিত ও দক্ষ মানুষদের এবার কাজ করার সুযোগ দেওয়া হয়েছে যারা ২৪ ঘণ্টা মানুষের পাশে থাকবেন। চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লড়াইয়ে সামিল হয়ে বিরোধীদের ‘উচিত শিক্ষা’ দেওয়ার জন্য তিনি সাধারণ ভোটারের প্রতি আহ্বান জানান। হকের টাকা আদায়ের প্রশ্নে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *