বিজেপির পাখির চোখ বাংলা দিল্লিতে শাহ নাড্ডাদের ৭ ঘণ্টার ম্যারাথন বৈঠকে চূড়ান্ত ১০০ প্রার্থীর নাম

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে কোমর বেঁধে নামল বিজেপি। বুধবার দিল্লির রাজনৈতিক অলিন্দে চলল হাইভোল্টেজ বৈঠক। জেপি নাড্ডার বাসভবনে টানা সাত ঘণ্টা ধরে চলা এই ম্যারাথন বৈঠকে রাজ্যের ১০০টিরও বেশি আসনের প্রার্থী তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সূত্রের খবর, প্রথম দফার এই ১০০ জন প্রার্থীর নাম প্রায় চূড়ান্ত করে ফেলেছে গেরুয়া শিবির।
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বঙ্গ বিজেপির কোর কমিটির এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ সহ শীর্ষ নেতৃত্ব। বৈঠকে প্রার্থী চয়ন ছাড়াও ভোটের প্রচারের রোডম্যাপ, নতুন স্লোগান এবং তৃণমূল কংগ্রেসকে রুখতে বিশেষ রণকৌশল নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়।
রাজ্যের ২৯৪টি আসনেই এবার সর্বশক্তি দিয়ে লড়াই করতে চায় বিজেপি। নির্বাচন কমিশন শীঘ্রই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে, এমন আবহেই প্রার্থী বাছাইয়ের কাজ সেরে রাখতে চাইছে দিল্লি। আজ, ১২ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকেই পশ্চিমবঙ্গ ও কেরলের প্রার্থী তালিকায় চূড়ান্ত সিলমোহর পড়তে পারে বলে জানা গিয়েছে। এবার আর কেবল বিরোধী দল নয়, নবান্ন দখলের লক্ষ্যেই ঝাঁপিয়েছে মোদী-শাহ জুটি।