বিজেপির প্রার্থী-বিক্ষোভ সামলাতে নয়া কৌশল: সাসপেনশন নয়, এবার হবে ‘জামাই আদর’

রাজ্যে আসন্ন নির্বাচনের আগে প্রার্থী তালিকা ঘোষণা হতেই বঙ্গ বিজেপির অন্দরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, সর্বত্রই প্রার্থী বদলের দাবিতে কর্মী-সমর্থকদের বিক্ষোভ রাজপথে নেমে এসেছে। পরিস্থিতি সামাল দিতে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে নাজেহাল হতে হচ্ছে। এই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব জরুরি বৈঠক ডেকে কড়া দাওয়াইয়ের বদলে বিক্ষুব্ধদের সঙ্গে নমনীয় আচরণের নির্দেশ দিয়েছেন।
দলীয় সূত্রে খবর, আগে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সরাসরি সাসপেন্ড করার রেওয়াজ থাকলেও এবার কৌশল বদলেছে বিজেপি। বিক্ষুব্ধ নেতা-কর্মীদের জন্য খাবার, জল ও টিফিনের সুবন্দোবস্ত করার পাশাপাশি তাঁদের অভাব-অভিযোগ ধৈর্য ধরে শোনার নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য বিশেষ একটি টিম গঠন করা হয়েছে, যারা রাজ্য দফতরে আসা আন্দোলনকারীদের সঙ্গে বিনম্রভাবে আলোচনা করবে এবং তাঁদের ক্ষোভ প্রশমনের চেষ্টা চালাবে।
নির্বাচনের মুখে সাংগঠনিক দুর্বলতা ঢাকতেই এই ‘তোষামোদ’ নীতি গ্রহণ করা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কঠোর পদক্ষেপ নিলে দল আরও দুর্বল হতে পারে, এই আশঙ্কায় কেন্দ্রীয় নেতৃত্ব আপোষের পথে হাঁটছে। তবে দিল্লির এই ‘আতিথেয়তা’র কৌশলে রাজ্য বিজেপির একাংশ ক্ষুব্ধ। তাঁদের মতে, এতে দলের শৃঙ্খলা নষ্ট হতে পারে, যদিও শীর্ষ নেতৃত্বের নির্দেশে আপাতত এই পথেই এগোচ্ছে গেরুয়া শিবির।