বিজেপির বিভাজনের রাজনীতির পাল্টা উন্নয়নের অস্ত্র, ডালখোলায় সুর চড়ালেন দেব

উত্তর দিনাজপুরের ডালখোলায় তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভায় বিজেপিকে তীব্র আক্রমণ করলেন সাংসদ-অভিনেতা দেব। এদিন তিনি অভিযোগ করেন, একটি দল ধর্মের নামে বিভাজনের রাজনীতি করছে, অন্যদিকে তৃণমূল মানুষের উন্নয়নের জন্য কাজ করে। ডালখোলাবাসীকে ইভিএমে ভোট দেওয়ার আগে সঠিক দল বেছে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা হাসপাতাল, কন্যাশ্রী ও লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প তৈরি করে, সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের গুরুত্ব দেওয়া উচিত।
প্রথাগত রাজনীতিকদের বাইরে বেরিয়ে দেব এদিন জানান, ভোট দেওয়া সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার। তিনি প্রার্থী গৌতম পালের জন্য আশীর্বাদ ও দোয়া প্রার্থনা করেন। ইসলামপুর, করণদিঘি ও চাকুলিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচারে এসে তিনি স্পষ্ট করেন, যে সরকার বিপদে মানুষের পাশে থাকে এবং কাজ করে, তাদেরই জয়ী হওয়া উচিত। ২৩ এপ্রিল নির্বাচনের দিন যোগ্য প্রার্থীকে বিপুল ভোটে জেতানোর অনুরোধ জানান তিনি।
এদিন দেবকে দেখতে ইসলামপুরে উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশিম খায় পুলিশ। জনজোয়ারের কারণে পূর্বনির্ধারিত রোড শো সংক্ষিপ্ত করতে হলেও ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। ভিড়ের চাপে কর্মসূচি আসাম্পূর্ণ থাকায় ভিডিও বার্তার মাধ্যমে দুঃখপ্রকাশ করেন তারকা প্রচারক। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচনের ফলপ্রকাশের পর বিজয় মিছিলে অংশ নিতে আবারও এই এলাকায় ফিরে আসবেন।