বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক সন্দেশখালির ‘পোস্টার গার্ল’ পিয়ালি, তুঙ্গে রাজনৈতিক তরজা

সন্দেশখালির মহিলা আন্দোলনের অন্যতম পরিচিত মুখ পিয়ালি দাস বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রশ্ন তোলেন, কতদিন আর দলের ‘অবৈধ কর্মী’ হিসেবে থাকবেন। তাঁর অভিযোগ, আন্দোলনের সময় এবং লোকসভা নির্বাচনে রাজনৈতিক মুনাফার জন্য তাঁদের সামনের সারিতে রাখা হলেও, বর্তমানে গুরুত্ব হারিয়ে তাঁরা পেছনের সারিতে চলে গিয়েছেন।
২০২৪ সালের সেই উত্তাল সময়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জনসভায় সামনের সারিতে থাকা পিয়ালি এখন কার্যত ঘরবন্দি। স্থানীয় সূত্রে খবর, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা হতেই তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে গিয়েছেন। পিয়ালির দাবি, আন্দোলনের বহু প্রতিবাদী নারী ইতিমধ্যেই তৃণমূলে ফিরেছেন এবং যাঁরা রয়ে গিয়েছেন, তাঁরাও চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
বিজেপি নেতৃত্ব অবশ্য এই গুরুত্বহীনতার অভিযোগ অস্বীকার করেছে। জেলা নেতা পলাশ সরকারের মতে, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। অন্যদিকে, তৃণমূল নেতা দিলীপ মল্লিকের দাবি, বিজেপি মহিলাদের কেবল রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। পিয়ালির এই প্রকাশ্যে আনা আক্ষেপ আসন্ন নির্বাচনে বিজেপির অন্দরে বড়সড় অস্বস্তি তৈরি করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।