বিজেপির ব্রিগেডে মোদীর মঞ্চে দিলীপ ঘোষ, খড়্গপুরেই কি তবে বিধানসভার টিকিট?
.jpeg.webp?w=1200&resize=1200,800&ssl=1)
আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে রাজ্য রাজনীতিতে বড় চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ব্রিগেডের জনসভায় দীর্ঘদিন পর মোদীর পাশে এক মঞ্চে দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রধানমন্ত্রীর একাধিক সভা হলেও এতকাল ব্রাত্যই ছিলেন মেদিনীপুরের এই প্রাক্তন সাংসদ। অবশেষে ব্রিগেডের সমাবেশে জগন্নাথ চট্টোপাধ্যায়ের আমন্ত্রণে বেগুনি কুর্তায় উজ্জ্বল উপস্থিতিতে নজর কাড়লেন তিনি।
দলে শমীক ভট্টাচার্যের আগমনে দিলীপের রাজনৈতিক গুরুত্ব নিয়ে জলঘোলা হচ্ছিল। বিশেষ করে দিল্লিতে প্রার্থী বাছাইয়ের গুরুত্বপূর্ণ বৈঠকে সুকান্ত মজুমদার উপস্থিত থাকলেও দিলীপের অনুপস্থিতি জল্পনা বাড়িয়েছিল। তবে রাজনৈতিক মহলের মতে, দলের অন্দরে ব্রাত্য হয়ে পড়া এই দাপুটে নেতাকে পুনরায় মূল স্রোতে ফিরিয়ে আনা হয়েছে। অতীতের বাবুল সুপ্রিয়র মতো পরিস্থিতি হলেও, দিলীপের মেজাজ ও ধৈর্য শেষ পর্যন্ত তাঁকে লাইমলাইটে ফেরাল।
বিশ্বস্ত সূত্রের খবর, খড়্গপুর সদর আসনে এবার হিরণ চট্টোপাধ্যায়ের পরিবর্তে দিলীপ ঘোষকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতৃত্ব। গত এক মাস ধরে খড়্গপুরে তাঁর অতিসক্রিয়তা সেই জল্পনাকেই আরও উসকে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্রিগেডের মঞ্চে তাঁর এই প্রত্যাবর্তন আসলে কামব্যাকের ইঙ্গিত। খড়্গপুর আসনে ফেরার সবুজ সঙ্কেত পেয়েই হয়তো নতুন উদ্যমে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন বিজেপির এই হেভিওয়েট নেতা।