বিজেপির মনোনয়ন মিছিলে দুই বুলডোজার, সুকান্তের উপস্থিতিতে গঙ্গারামপুরে তুঙ্গে রাজনৈতিক তরজা

গঙ্গারামপুর মহকুমা অফিসে বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বুনিয়াদপুর শহরে। বৃহস্পতিবার হরিরামপুর ও কুশমণ্ডির বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত মিছিলে আকস্মিকভাবে দুটি বুলডোজার অন্তর্ভুক্ত করায় বিতর্কের সূত্রপাত হয়। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে দলীয় কর্মীদের বুলডোজারে চড়ে উল্লাস করতে দেখা যায়, যা সাধারণ মানুষের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। হরিরামপুরের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের অভিযোগ, মিছিলে বুলডোজার প্রদর্শন আসলে উত্তরপ্রদেশ মডেলের দমনপীড়নের ইঙ্গিত। তৃণমূলের দাবি, বিজেপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের ওপর এভাবেই বুলডোজার নীতি প্রয়োগ করবে। পালটা যুক্তিতে সুকান্ত মজুমদার জানান, বিরোধীদের অসাধু কারবার রুখতেই এই প্রতীকী ব্যবস্থা।
মনোনয়ন জমা দেওয়ার সময় ৫১২ নম্বর জাতীয় সড়কে দুই দলের সমর্থকদের মধ্যে স্লোগান ও পালটা স্লোগান ঘিরে উত্তেজনা চরমে পৌঁছায়। তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ এবং বিজেপি কর্মীরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে ঘটনাস্থলে মোতায়েন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিন তৃণমূল প্রার্থীও ঢাক ও শঙ্খ বাজিয়ে বিশাল শোভাযাত্রার মাধ্যমে তাঁর শক্তি প্রদর্শন করেন।