বিজেপির রুদ্ধদ্বার বৈঠকে গরহাজির শুভেন্দু, গভীর রাতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক

কলকাতার জাতীয় গ্রন্থাগারে বৃহস্পতিবার বিজেপির প্রার্থী বাছাই নিয়ে দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক হয়। রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার এই অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয় জল্পনা।
শুভেন্দুর অনুপস্থিতি নিয়ে নানা চর্চা চললেও, ব্যস্ত কর্মসূচির কারণেই তিনি বৈঠকে থাকতে পারেননি বলে জানা গেছে। তবে বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ও রণকৌশল নিয়ে তার মতামত অপরিহার্য। তাই বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ কলকাতার একটি হোটেলে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে তার আলাদা বৈঠক হয়েছে।
সেই বৈঠকে ভোট কৌশল ও প্রার্থী বাছাই নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে অনুমান। যদিও এ বিষয়ে বিজেপি আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। শুভেন্দুর ব্যস্ততা বিবেচনা করেই কেন্দ্রীয় নেতৃত্ব আলাদাভাবে তার সঙ্গে আলোচনা সেরে নিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।