বিজেপির হাতের পুতুল নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা! বিস্ফোরক তথ্য ফাঁস তৃণমূলের

রাজ্য বিধানসভা নির্বাচনের মুখে নির্বাচন কমিশনের নিয়োগ করা পর্যবেক্ষকদের নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ সায়নী ঘোষ চারজন অফিসারের অতীত রেকর্ড এবং রাজনৈতিক ঘনিষ্ঠতা নিয়ে একাধিক তথ্য পেশ করেন। শাসক দলের দাবি, এই অফিসাররা সরাসরি বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছেন, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে কলুষিত করছে।
তৃণমূলের পেশ করা তথ্যে উঠে এসেছে ধীরাজ কুমার, অজয় কাটেসারিয়া, গন্ডম চন্দ্রুডু এবং অরিন্দম ডাকুয়ার নাম। তাঁদের বিরুদ্ধে কোটি টাকার টেন্ডার কেলেঙ্কারি, সরকারি জমি বেআইনিভাবে হস্তান্তর এবং আদিবাসী হয়রানির মতো গুরুতর অভিযোগ রয়েছে। বিশেষ করে অরিন্দম ডাকুয়া ওড়িশার বিজেপি মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করায় তাঁর নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে ঘাসফুল শিবির।
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, কমিশন এখন বিজেপির ‘নিয়োগকারী সংস্থায়’ পরিণত হয়েছে। ব্রাত্য বসু হুঁশিয়ারি দিয়েছেন যে, ইভিএমে ষড়যন্ত্রের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং আগামী দিনে আরও অফিসারের কুকীর্তি ফাঁস করা হবে। রাজ্য প্রশাসনের আধিকারিকদের অন্যায্য বদলি এবং কলঙ্কিত ব্যক্তিদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করার প্রতিবাদে সরব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।