‘বিজেপি-কমিশন আমার সব কেড়ে নিয়েছে’! উত্তরবঙ্গের সভা থেকে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক, উত্তরবঙ্গ
রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচারের প্রথম দিনেই উত্তরবঙ্গের মাটি থেকে রণংদেহী মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ময়নাগুড়ি, জলপাইগুড়ি এবং মাটিগাড়ার জনসভা থেকে কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একগুচ্ছ গুরুতর অভিযোগ তুলে কার্যত যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন তৃণমূল নেত্রী।
ভোটের মুখে ‘অদৃশ্য’ ভোটার তালিকা! ষড়যন্ত্রের অভিযোগ মমতার
নির্বাচন কমিশনের প্রকাশিত অতিরিক্ত ভোটার তালিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার গভীর রাতে ওই তালিকা প্রকাশ হওয়া নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, “রাতের অন্ধকারেই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মাঝরাতে হঠাৎ সবার নাম উড়িয়ে দেওয়া হলো, যেন গোটা বাংলার মানুষই ভ্যানিশ হয়ে গিয়েছে! এমনকি আমার নামটাও খুঁজে পাচ্ছিলাম না।” কমিশনের পক্ষ থেকে একে ‘প্রযুক্তিগত ত্রুটি’ বলা হলেও মমতার পাল্টা প্রশ্ন, “এটা কি আদেও টেকনিক্যাল ফল্ট নাকি গভীর কোনো বজ্জাতি?”
‘সবার ভোট ওয়াশিং মেশিনে ঢালছে বিজেপি’
বিজেপির কড়া সমালোচনা করে তৃণমূল নেত্রী বলেন, “বিজেপি আর কমিশন মিলে আমার সব কেড়ে নিয়েছে। ওরা চাইছে সব ভোট ওয়াশিং মেশিনে ভরে দিতে যাতে বিরোধী বলতে কেউ না থাকে। ওরা একাই রাজত্ব করতে চায়।” মুখ্যমন্ত্রীর দাবি, পরিকল্পিতভাবে প্রশাসনের শীর্ষ পদে রদবদল ঘটিয়ে তাঁকে রাজনৈতিকভাবে জব্দ করার চেষ্টা চলছে। কিন্তু তিনি স্পষ্ট করে দেন যে ভয় দেখিয়ে নির্বাচন জেতা সম্ভব নয়।
দিল্লির নেতাদের বিদায় করার ডাক
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম না করে মমতার আক্রমণ, “দিল্লির দুই ভদ্রলোক আর নির্বাচন কমিশনকে এবার বিদায় দিন। তা না হলে ওরা পুরো দেশটাকেই বেচে দেবে। এমনকি বাংলাকে বিহারের সঙ্গে জুড়ে দেওয়ার মতো মারাত্মক পরিকল্পনাও ওদের রয়েছে।” পেট্রোল-গ্যাসের আকাশছোঁয়া দাম নিয়েও মোদী সরকারকে কাঠগড়ায় তোলেন তিনি।
নির্বাচনের আগে প্রার্থীর উপর হামলার হুমকির প্রসঙ্গ তুলে ধরে সমর্থকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “আমার হাতে এখন ক্ষমতা নেই ঠিকই, কিন্তু আমার পাশে মানুষ আছে।” প্রচারের প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর এই আক্রমণাত্মক অবস্থান নির্বাচনের পারদকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল।