বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে রায়দিঘিতে রণক্ষেত্র

ভোটের উত্তাপের মাঝেই দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে মিলল বিজেপির বুথ সহ-সভাপতি কিশোর মাঝির রক্তাক্ত মৃতদেহ। বাড়ি থেকে কিছুটা দূরে ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।
বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পনা করে তাঁদের কর্মীকে খুন করেছে। অন্যদিকে শাসক দল সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বিষয়টিকে পারিবারিক বিবাদ হিসেবে দাবি করেছে। চাঞ্চল্যকর বিষয় হলো, ঘটনার তদন্তে নেমে পুলিশ নিহতের স্ত্রীকে গ্রেফতার করেছে। প্রাথমিক অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
বিজেপি প্রার্থী পলাশ রানা নিহতের পরিবারের সঙ্গে দেখা করেছেন। এই খুনের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে আজ মঙ্গলবার বিকেল ৪টেয় রায়দিঘি থানা ঘেরাও করার ডাক দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। পুলিশ ঘটনার গভীরে পৌঁছাতে নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
তদন্তের স্বার্থে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। নিছকই ব্যক্তিগত আক্রোশ নাকি এর পেছনে গভীর কোনো রাজনৈতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে, তা খতিয়ে দেখছে প্রশাসন।