বিজেপি কাউন্সিলারের ছেলের লালসার শিকার ৩০ নাবালিকা, ভিডিও তুলে ব্ল্যাকমেলের অভিযোগে তোলপাড় গোয়া

গোয়ার কুরচোরেম পুরসভার বিজেপি কাউন্সিলারের ছেলে সোহম সুশান্ত নায়েকের বিরুদ্ধে গত তিন বছর ধরে অন্তত ২৫ থেকে ৩০ জন নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ২০ বছর বয়সী সোহম কেবল শারীরিক সম্পর্ক স্থাপন করেই ক্ষান্ত হয়নি, বরং সেই মুহূর্তের ভিডিও রেকর্ড করে নির্যাতিতাদের নিয়মিত ব্ল্যাকমেল করত বলে জানা গেছে। সম্প্রতি মত্ত অবস্থায় বন্ধুদের সেই ভিডিও দেখানোর পরেই ঘটনাটি প্রকাশ্যে আসে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এই নক্ক্যারজনক ঘটনার প্রতিবাদে রবিবার রাতে স্থানীয় বাসিন্দারা কুডছেডা থানার সামনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন। উত্তেজিত জনতা পুলিশের কাছে স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর দায়ের এবং দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। জনগণের প্রবল চাপের মুখে সোমবার অভিযুক্ত সোহম সুশান্ত নায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোয়া কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের জোরালো দাবি তোলা হয়েছে।
দক্ষিণ গোয়া পুলিশ বর্তমানে অভিযুক্তের কাছ থেকে ব্ল্যাকমেলিংয়ে ব্যবহৃত ডিজিটাল তথ্য-প্রমাণ ও ভিডিও সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি নির্যাতিতাদের বয়ান রেকর্ড করার প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রাক্তন সাংসদ প্রোজ্জ্বল রেভান্নার ঘটনার স্মৃতি উস্কে দেওয়া এই ঘটনাটি গোয়ার রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। প্রশাসন দোষীর কঠোর শাস্তির আশ্বাস দিয়েছে।