বিজেপি কার্যালয়ে নেতার কলার ধরে চটিপেটা মহিলার, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলায় বিজেপি কার্যালয়ে এক মহিলা নেত্রীর হাতে এক বিজেপি নেতার প্রহৃত হওয়ার ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। মনোনীত কাউন্সিলর ও কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠান চলাকালীন ওই মহিলা হঠাৎই মঞ্চে উঠে এক নেতার কলার ধরেন এবং সকলের সামনে তাঁকে চড় মারেন। এই আকস্মিক ও বেনজির ঘটনায় উপস্থিত দলীয় কর্মী-সমর্থকরা স্তম্ভিত হয়ে পড়েন এবং মুহূর্তের মধ্যে অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ঘটনার মূল কারণ একটি পুরনো আর্থিক লেনদেন। ওই মহিলার অভিযোগ, এলআইসি পলিসির জন্য তিনি ওই নেতাকে সাড়ে চার লক্ষ টাকা দিয়েছিলেন, যা তিনি জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। দীর্ঘ প্রতীক্ষার পরও টাকা ফেরত না পেয়ে ক্ষুব্ধ মহিলা নিজের সন্তানকে নিয়ে দলীয় কার্যালয়ে চড়াও হন এবং জনসমক্ষে নিজের ক্ষোভ উগরে দেন।
নেতার কলার ধরে টেনে নিয়ে যাওয়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রকাশ্যে এই মারধরের ঘটনায় দলের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে এবং স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসন ঘটনার বিস্তারিত খতিয়ে দেখছে।