বিজেপি কি পারবে বাংলা দখল করতে? দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার দাবিতে সরব সুকান্ত মজুমদার

বিজেপি কি পারবে বাংলা দখল করতে? দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার দাবিতে সরব সুকান্ত মজুমদার

২০২৬-এর বিধানসভা নির্বাচনে বাংলা জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে আলিপুরদুয়ারে বিশাল শক্ত প্রদর্শন করল বিজেপি। বুধবার জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার প্রাক্কালে বিএম ক্লাব ময়দানে আয়োজিত এক জনসভায় কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার জোরালো দাবি করেন যে, এবার রাজ্যে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গঠন করতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজ্যে রাজনৈতিক পরিবর্তন এখন সময়ের অপেক্ষা বলেও তিনি মন্তব্য করেন।

উত্তরবঙ্গকে নিজেদের দুর্ভেদ্য দুর্গ হিসেবে দাবি করে সুকান্ত মজুমদার জানান, আলিপুরদুয়ার জেলার পাঁচটি আসনেই পদ্ম শিবিরের জয় নিশ্চিত। কালচিনি, মাদারিহাট, ফালাকাটা, কুমারগ্রাম ও আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র থেকে কয়েক হাজার কর্মী-সমর্থকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি গেরুয়া শিবিরের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। রাজনৈতিক মহলের মতে, বিধানসভায় ম্যাজিক ফিগার ছুঁতে উত্তরবঙ্গের ওপর বিশেষ ভরসা রাখছে বিজেপি নেতৃত্ব।

বি এম ক্লাব ময়দানের জনসভা শেষে এক বিশাল বর্ণাঢ্য মিছিল শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জেলা প্রশাসনিক ভবন ‘ডুয়ার্সকন্যা’ পর্যন্ত পৌঁছায়। এরপরই দলের পাঁচ প্রার্থী—বিশাল লামা (কালচিনি), মনোজ কুমার উরাঁও (কুমারগ্রাম), পরিতোষ দাস (আলিপুরদুয়ার), দীপক বর্মন (ফালাকাটা) এবং লক্ষ্মণ লিম্বু (মাদারিহাট) তাঁদের মনোনয়নপত্র জমা দেন। মিছিল ও জনসভাকে কেন্দ্র করে গোটা জেলাজুড়ে বিজেপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা পরিলক্ষিত হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল আলিপুরদুয়ারসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতাদের আনাগোনা বাড়ছে। তৃণমূলের থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে ইতিমধ্যেই গ্রাম থেকে শহর—সর্বত্রই প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। উত্তরবঙ্গের ফলের ওপর ভিত্তি করেই দক্ষিণবঙ্গে জয়ের ঘুঁটি সাজাতে চাইছে গেরুয়া শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *