বিজেপি ক্ষমতায় এলে ইডেনেই হবে ফাইনাল, দিলীপ ঘোষের মন্তব্যে তুঙ্গে বিতর্ক

বিশ্বকাপ বা এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টের ফাইনাল আয়োজনে বারবার ব্রাত্য থাকছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেনস। কেন গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামই বারবার অগ্রাধিকার পাচ্ছে, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে দীর্ঘদিনের প্রশ্ন ও ক্ষোভ রয়েছে। বুধবার ইডেনে দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ দেখতে এসে এই বিতর্কে ঘি ঢাললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
ফাইনাল ম্যাচ কেন কলকাতায় হচ্ছে না—এমন প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ স্পষ্ট জানান, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ইডেনেই ফাইনাল আয়োজিত হবে। স্ত্রী রিঙ্কু মজুমদারকে সঙ্গে নিয়ে খেলা দেখতে আসা প্রাক্তন এই রাজ্য সভাপতির এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। যদিও তিনি এটি মজার ছলে বলেছেন কি না, তা নিয়ে চর্চা চলছে।
তবে দিলীপ ঘোষের এই দাবি ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন যে, আন্তর্জাতিক বা বড় টুর্নামেন্টের ভেন্যু নির্ধারণ করে বিসিসিআই এবং আইসিসি। এই প্রক্রিয়ায় রাজ্য সরকারের সরাসরি কোনো ভূমিকা থাকে না। ফলে রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে ইডেনে ফাইনাল হওয়ার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।