বিজেপি জিতলে বাংলা হবে অপরাধের স্বর্গরাজ্য, তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিজেপি জিতলে বাংলা হবে অপরাধের স্বর্গরাজ্য, তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আসানসোলের শিল্পাঞ্চল বারাবনিতে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে আয়োজিত এক জনসভা থেকে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বারাবনির পানুরিয়া হাসপাতাল গ্রাউন্ডের সভা থেকে তিনি দাবি করেন, বিজেপি প্রার্থীদের জেতানো মানেই এলাকায় গুন্ডারাজ ও অশান্তি ফিরিয়ে আনা। বিজেপিকে চিরতরে মুছে ফেলার ডাক দিয়ে তিনি এবার জয়ের ব্যবধান ৪০ হাজারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন।

বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে অভিষেক বলেন, নিজের দলের কর্মীদেরই মারধর ও হুমকির রেকর্ড রয়েছে ওই প্রার্থীর। তাঁর দাবি, জেলা বিজেপির অফিস এখন কয়লা মাফিয়াদের দখলে। গেরুয়া শিবিরকে ‘জালিয়াত ও উশৃঙ্খল’ লোকেদের আস্তানা বলে কটাক্ষ করে তিনি ভোটারদের সতর্ক করে বলেন, বিজেপি জিতলে বাংলা হবে অপরাধের স্বর্গরাজ্য। তাই শান্তির স্বার্থে ফের তৃণমূলকে জেতানোর সওয়াল করেন তিনি।

রাজ্য সরকারের ১৫ বছরের খতিয়ান তুলে ধরে অভিষেক জানান, তৃণমূল জমানাতেই আসানসোল পুলিশ কমিশনারেট, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ও সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে। ক্যান্সার ও শিশুদের বিশেষ চিকিৎসার সাফল্যের উল্লেখ করে তিনি মোদী সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “ওরা রিপোর্ট কার্ড নিয়ে আসুক, আমরা আমাদেরটা দেব। বিজেপি বীরভূম বা বর্ধমানের উন্নয়নে এক পয়সার অবদান দেখালে আমি রাজনীতি ছেড়ে দেব।”

এদিন সভা থেকে তৃণমূলের নির্বাচনী ইস্তাহারের পাঁচটি গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা ব্যাখ্যা করেন অভিষেক। তিনি নিশ্চিত করেন, তৃণমূল ক্ষমতায় থাকলে মহিলারা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। এছাড়া কেন্দ্রীয় তহবিল ছাড়াই আগামী ৫ বছরের মধ্যে প্রতিটি ঘরে পানীয় জল ও যোগ্যদের জন্য ‘বাংলার বাড়ি’ নিশ্চিত করার পাশাপাশি বার্ধক্য ভাতা এবং ব্লক স্তরে ‘দুয়ারে চিকিৎসা’ শিবির করার অঙ্গীকারও করেন তিনি।

রান্নার গ্যাস ও নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম নিয়ে মোদী সরকারকে আক্রমণ করে অভিষেক বলেন, ৪ শতাধিক টাকার গ্যাস আজ ১০০০ টাকা ছাড়িয়েছে। কেরোসিন, দুধ থেকে শুরু করে প্ল্যাটফর্ম টিকিটের দামও ধরাছোঁয়ার বাইরে। সাধারণ মানুষকে এই আর্থিক শোষণের জবাব ইভিএমে দেওয়ার আহ্বান জানিয়ে তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার ডাক দেন তিনি। সেই সঙ্গে সিলিকোসিস আক্রান্ত শ্রমিকদের জন্য বিশেষ পরিচয়পত্র ও বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতিও দেন অভিষেক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *