বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই খুনের নালিশ দলের! বারাবনিতে সিলিকোসিস আক্রান্তদের পাশে থাকার বার্তা অভিষেকের

বারাবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শাণালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার পানুরিয়া হাসপাতাল গ্রাউন্ডের সভা থেকে বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের অতীত কর্মকাণ্ড তুলে ধরে তিনি দাবি করেন, স্বয়ং বিজেপি কর্মীরাই তাঁদের প্রার্থীর বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ এনেছেন। অভিষেক হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপি প্রার্থী জয়ী হলে এলাকায় পুনরায় দুষ্কৃতীরাজ কায়েম হবে। বিরোধী শিবিরের জেলা কার্যালয় কয়লা মাফিয়াদের ডেরায় পরিণত হয়েছে বলেও তিনি তোপ দাগেন।
এলাকার ভৌগোলিক পরিস্থিতি ও শ্রমিকদের সমস্যার কথা মাথায় রেখে এদিন মানবিক বার্তাও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাথর কাটা ও মার্বেল কারখানায় কর্মরত শ্রমিকদের সিলিকোসিস আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে তিনি জানান, যাঁদের কাছে সিলিকোসিস পরিচয়পত্র রয়েছে, তাঁদের প্রত্যেকের পাশে দাঁড়াবে রাজ্য সরকার। সংশ্লিষ্ট শ্রমিকদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি। তৃণমূলের উন্নয়নমূলক কাজের খতিয়ান দিয়ে তিনি চুরুলিয়া বিশ্ববিদ্যালয়, আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতাল এবং বিনামূল্যে ক্যানসার চিকিৎসার মতো প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন।
দলীয় প্রার্থীর প্রশংসা করে অভিষেক বলেন, তিনবারের বিধায়ক বিধান উপাধ্যায় এলাকার মানুষের কাছে জননেতার চেয়েও বড় ভরসার জায়গা। তিনি সাধারণ মানুষের সুবিধার্থে সর্বদা দলীয় কার্যালয়ে উপস্থিত থাকেন। অন্যদিকে, কেন্দ্রের মোদী সরকারকে মূল্যবৃদ্ধি ইস্যুতে নিশানা করে তিনি বারাবনি বাজার ও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের আধুনিকীকরণের প্রসঙ্গ টেনে আনেন। এবার বিজেপিকে রাজনৈতিকভাবে পরাস্ত করে বারাবনি থেকে উৎখাত করার জন্য সাধারণ মানুষের কাছে জোরালো আবেদন জানান তৃণমূলের এই শীর্ষ নেতা।