বিজেপি প্রার্থীর মিছিলে কচিকাঁচাদের ভিড় নিয়ে তোলপাড় পাণ্ডবেশ্বর! রে রে করে কমিশনে ছুটল তৃণমূল

পাণ্ডবেশ্বরে ভোটের প্রচারে শিশুদের ব্যবহার? ভাইরাল ভিডিও ঘিরে সরগরম রাজ্য রাজনীতি! বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে সরব ঘাসফুল শিবির। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উত্তাল পরিস্থিতি।
একদিকে শিশুদের নিয়ে প্রচারের বিতর্ক আর অন্যদিকে রিটার্নিং অফিসার বদল নিয়ে বিস্ফোরক দাবি। ভবানীপুরের নতুন রিটার্নিং অফিসার সুরজিৎ রায়ের নিয়োগ নিয়ে সরাসরি প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। শাসক দলের অভিযোগ, এই আধিকারিক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ। নন্দীগ্রামের প্রাক্তন বিডিও-র নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে জোড়াফুল শিবির।
তৃণমূলের দাবি, ভোটের ময়দানে স্বচ্ছতা বজায় রাখতে অবিলম্বে এই নিয়োগ পুনর্বিবেচনা করতে হবে। শিশুদের ব্যবহার থেকে শুরু করে আধিকারিক নিয়োগ— জোড়া ফলায় বিজেপিকে বিঁধতে ময়দানে নেমেছে শাসক দল। যদিও এই জোড়া অভিযোগ নিয়ে গেরুয়া শিবিরের পক্ষ থেকে এখনও কোনও পাল্টা প্রতিক্রিয়া মেলেনি। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই অভিযোগ আর পাল্টা অভিযোগে কার্যত ফুটছে বাংলার রাজনৈতিক আঙিনা।
এখন দেখার, পাণ্ডবেশ্বরের ভিডিও আর ভবানীপুরের রিটার্নিং অফিসার বিতর্ক নিয়ে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়। রাজনৈতিক মহলের নজর এখন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে।