বিজেপি প্রার্থী অনুপম বিশ্বাসকে নিয়ে কর্মীদের উল্লাস, পূর্ণ সহযোগিতার আশ্বাস বিধায়ক অম্বিকা রায়ের

কল্যাণী বিধানসভা কেন্দ্রে বিজেপির নতুন প্রার্থী হিসেবে অনুপম বিশ্বাসের নাম ঘোষণা হতেই কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গেছে। শনিবার রাতে নাম ঘোষণার পরেই বিজেপি প্রার্থীকে নিয়ে কল্যাণী শহরের বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে দেওয়াল লিখন ও প্রচার শুরু করেন দলীয় কর্মীরা। আগামী মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার পর পুরোদমে প্রচারে নামবেন অনুপমবাবু। জেতার ব্যাপারে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী।
বর্তমান বিধায়ক অম্বিকা রায় নবনিযুক্ত প্রার্থীকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, দলের মনোনীত প্রার্থীকে জয়ী করাই এখন প্রধান লক্ষ্য। তাঁর প্রার্থী পদের বিরুদ্ধে হওয়া বিক্ষোভকে তৃণমূলের চক্রান্ত বলে দাবি করে তিনি স্পষ্ট জানান যে, প্রশাসনের অসহযোগিতা সত্ত্বেও তিনি উন্নয়নের চেষ্টা করেছেন। তবে দলের একাংশের বিক্ষোভ কাটিয়ে বর্তমানে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ডাক দিয়েছেন অম্বিকাবাবু।
অন্যদিকে বিজেপিকে পালটা চ্যালেঞ্জ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। কল্যাণী ব্লক তৃণমূল সভাপতি পঙ্কজ সিং দাবি করেছেন, বিগত পাঁচ বছরে বিজেপি বিধায়ককে এলাকায় দেখা যায়নি এবং মানুষ তাঁদের ভুল বুঝতে পেরেছে। তৃণমূলের দাবি, এলাকার মানুষ উন্নয়নের স্বার্থে তাঁদের ওপরেই আস্থা রাখবেন। ফলে আসন্ন নির্বাচনে কল্যাণী কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ ও লড়াই ক্রমশ তীব্র হচ্ছে।