বিজেপি-র ‘নিয়োগকারী সংস্থা’ কমিশন! চার পর্যবেক্ষকের অতীত রেকর্ড ফাঁস করে তোপ তৃণমূলের

বিজেপি-র ‘নিয়োগকারী সংস্থা’ কমিশন! চার পর্যবেক্ষকের অতীত রেকর্ড ফাঁস করে তোপ তৃণমূলের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর আবহে নির্বাচন কমিশনকে বেনজির আক্রমণ শানাল তৃণমূল কংগ্রেস। মালদহের পুলিশ পর্যবেক্ষকের পর এবার আরও চারজন ‘জেনারেল অবজার্ভার’-এর অতীত রেকর্ড জনসমক্ষে এনে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসকদল। তৃণমূলের অভিযোগ, অবাধ ও সুষ্ঠু ভোটের নামে এমন সব আধিকারিকদের পাঠানো হয়েছে, যাঁদের বিরুদ্ধে জমি কেলেঙ্কারি, কোটি টাকার দুর্নীতি এবং নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

তৃণমূলের নিশানায় থাকা চার আধিকারিকের মধ্যে ধীরজ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে ৮ হাজার কোটি টাকার অ্যাম্বুল্যান্স টেন্ডার এবং অজয় কাটেসারিয়ার বিরুদ্ধে মধ্যপ্রদেশে সরকারি জমি হস্তান্তরের অভিযোগ রয়েছে। এছাড়া বালিগঞ্জের পর্যবেক্ষক গন্দম চন্দ্রুডুর বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা এবং মধ্যমগ্রামের অরিন্দম ডাকুয়া ওড়িশার বিজেপি মুখ্যমন্ত্রীর প্রাক্তন ব্যক্তিগত সচিব হওয়ায় সরব হয়েছে ঘাসফুল শিবির। সরাসরি বিজেপি ঘনিষ্ঠদের নিয়োগ করে কমিশন ‘পলিটিক্যাল অ্যাপয়েন্টি’র নজির গড়ছে বলে দাবি তাদের।

টুইট করে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব। তাঁদের অভিযোগ, কমিশন কেবল বেছে বেছে কলঙ্কিত আধিকারিকদেরই বাংলায় পাঠাচ্ছে। তৃণমূলের এই তীক্ষ্ণ আক্রমণের প্রেক্ষিতে প্রতিবেদন লেখা পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা সাফাই পাওয়া যায়নি। শাসকদলের এই অভিযোগ ঘিরে বর্তমানে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *