বিতর্কিত জীবনযাত্রায় মদত দেওয়ার অভিযোগ, ম্যাকালামকে ছাঁটাই করতে পারছে না ইসিবি

ইংল্যান্ড ক্রিকেট দলের পারফরম্যান্সের ক্রমাগত অবনতির মাঝেই কোচ ব্রেন্ডন ম্যাকালামের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, ম্যাকালাম দলের ড্রেসিংরুমে এমন এক বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছেন যেখানে মদ্যপান ও ধূমপান করা ক্রিকেটাররাই বিশেষ অগ্রাধিকার পাচ্ছেন। এমনকি অনুশীলনের পর গভীর রাত পর্যন্ত ক্রিকেটারদের পানশালায় সময় কাটানো এবং অ্যাশেজের আগে হ্যারি ব্রুকের অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতেও কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
দলের অন্দরে তীব্র অসন্তোষ থাকলেও ম্যাকালামকে এখনই বহিষ্কার করতে পারছে না ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। মূলত আর্থিক সংকটের কারণেই এই স্থবিরতা তৈরি হয়েছে। চুক্তির মাঝপথে কোচকে সরাতে গেলে বোর্ডকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে, যা এই মুহূর্তে বহন করা ইসিবির পক্ষে আসাম্ভব। এছাড়া নতুন হাই-প্রোফাইল কোচ নিয়োগের খরচও বোর্ডের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।
বর্তমানে পদচ্যুত করার পরিবর্তে ম্যাকালামের ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর পথে হাঁটছে ইসিবি। যদিও আগামী দিনে তাঁর অবাধ স্বাধীনতায় বড়সড় কোপ পড়তে চলেছে বলে জানা গেছে। আপাতত কোচকে স্বপদে বহাল রাখলেও ড্রেসিংরুমের অনুশাসন ফেরাতে কঠোর পদক্ষেপ নিতে পারে বোর্ড। মাঠের ব্যর্থতা এবং মাঠের বাইরের এই বিতর্ক সামলে ম্যাকালাম কীভাবে দল পরিচালনা করেন, এখন সেটাই দেখার বিষয়।