বিদায়বেলায় আবেগঘন খোলা চিঠি সিভি আনন্দ বোসের, বাংলার মানুষের জন্য চাইলেন মা দুর্গার আশীর্বাদ

বিদায়বেলায় আবেগঘন খোলা চিঠি সিভি আনন্দ বোসের, বাংলার মানুষের জন্য চাইলেন মা দুর্গার আশীর্বাদ

পশ্চিমবঙ্গ এখন আমার দ্বিতীয় বাড়ি, রাজ্য ছাড়ার আগে এই বার্তাই দিলেন বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার কলকাতা ছেড়ে কেরলের উদ্দেশে রওনা হওয়ার আগে রাজ্যবাসীর উদ্দেশে একটি দীর্ঘ ও আবেগঘন খোলা চিঠি লিখেছেন তিনি। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আবহে তাঁর এই আকস্মিক পদত্যাগ এবং বিদায় ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা।

রাজ্যবাসীর উদ্দেশে লেখা এই চিঠিতে বিদায়ী রাজ্যপাল বাংলার সঙ্গে তাঁর গভীর আত্মিক সম্পর্কের কথা তুলে ধরেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধীর প্রসঙ্গ টেনে তিনি জানান, এই মাটির টান উপেক্ষা করা সহজ নয়। চিঠিতে তাঁর অভিজ্ঞতার কথা স্মরণ করে বোস লিখেছেন, বাংলার বিভিন্ন জেলায় সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়া, তাঁদের আতিথেয়তা গ্রহণ এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কাটানো সময়গুলো তাঁর জীবনের অন্যতম সেরা অধ্যায় হয়ে থাকবে।

উল্লেখ্য, মঙ্গলবারই ধর্মতলায় ধর্না কর্মসূচি শেষে বিদায়ী রাজ্যপালের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তাঁকে আবারও বাংলায় ফিরে আসার অনুরোধ জানিয়েছেন। সেই সুর শোনা গিয়েছে আনন্দ বোসের চিঠিতেও। তিনি আশা প্রকাশ করেছেন যে, আগামী দিনেও বাংলার সঙ্গে তাঁর এই নিবিড় সম্পর্ক অটুট থাকবে।

চিঠির শেষাংশে বাংলার ভবিষ্যৎ নিয়ে নিজের অটুট বিশ্বাসের কথা জানান বিদায়ী রাজ্যপাল। রাজ্যের মানুষের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে তিনি প্রার্থনা করেছেন, মা দুর্গা যেন সকলকে রক্ষা করেন। তবে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার প্রায় দেড় বছর আগেই বিধানসভা নির্বাচনের মুখে তাঁর এই পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের নেপথ্যে রাজনৈতিক কারণ থাকতে পারে বলে ইঙ্গিত দিলেও, সিভি আনন্দ বোস নিজের ভোটাধিকার প্রয়োগ করতে আবারও বাংলায় ফিরবেন বলে আগেই জানিয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *